[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পদ্মা সেতুর ২২তম স্প্যান বসানো হচ্ছে। এ নিয়ে সব প্রস্তুতি শেষ হয়েছে। সেতুর মাওয়া প্রান্তের ৫ ও ৬ নম্বর পিলারের ওপর বসানো হবে ‘স্প্যান আইডি-১ঊ’। এদিকে আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শনে আসার কথা রয়েছে। এসব তথ্য জানিয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, আগামী শনিবার স্প্যানটি বসানোর পরিকল্পনা ছিল। কিন্তু ওই দিন চায়নিজ নিউ ইয়ার থাকায় এ তারিখ দুই দিন এগিয়ে আনা হয়েছে। কারণ পদ্মা সেতুতে অনেক কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মী চীনের।
আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকলে বৃহস্পতিবারই স্প্যানটি পিলারের ওপর বসানো হবে। ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যানটি বসে গেলে সেতুর তিন হাজার ৩০০ মিটার দৃশ্যমান হবে। ৬.১৬ কিলোমিটার এই সেতুতে থাকবে মোট ৪২টি পিলার। এর মধ্যে ৩৬টি পিলার শেষ হয়েছে। সেতুতে ৪১টি স্প্যান বসবে। যার ২১টি বসে গেছে। আগামী জুলাইয়ে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে।
চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশন মূল সেতু নির্মাণ করছে। চীনের সিনোহাইড্রো করপোরেশনকে নদীশাসনের কাজে নিয়োগ করা হয়েছে। বাংলাদেশের আবদুল মোনেম লিমিটেড দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে।


























