[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পবিত্র শবেবরাত আজ বৃহস্পতিবার রাতে । আরবি শাবান মাসের ১৪ তারিখের এ মহিমান্বিত রাতকে পবিত্র কোরআনে ‘লাইলাতুল মোবারাকা’ বা বরকতময় রাত বলেও অভিহিত করা হয়।
মহান আল্লাহর অনুগ্রহ ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করবে বিশ্বের বিভিন্ন স্থানের ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদগুলোতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়ে থাকে রাতের শেষ পর্যায়ে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে।
তবে এ বছর মসজিদের পরিবর্তে নিজ নিজ বাসস্থানে শবেবরাতের ইবাদত করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন ভয়াবহ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে।পবিত্র শবেবরাত উপলক্ষে এবার কোনো কর্মসূচিও নেওয়া হয়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের প্রতি মোবারকবাদ জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
শবেবরাত উপলক্ষে নানা অনুষ্ঠান সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও। দিবসটির তাত্পর্য তুলে ধরে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে।


























