[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় করোনাভাইরাসের কারণে এই পরীক্ষাসূচি স্থগিত করতে বাধ্য হয়। এমনকি এখনও নতুন তারিখ ঘোষণা করা যাচ্ছে না। ফলে প্রায় ১২ লাখ পরীক্ষার্থী অনিশ্চয়তায় দিন পার করছে। এ অবস্থায় সংশ্লিষ্টরা জানিয়েছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অন্তত ১৫ দিন পর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে।
এদিকে যথাসময়ে এসএসসির ফল প্রকাশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসএসসির তত্ত্বীয় এবং ৫ মার্চ ব্যবহারিক পরীক্ষা শেষ হয় গত ২৭ ফেব্রুয়ারি। সেই হিসেবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা মে মাসের প্রথম সপ্তাহে। কিন্তু করোনা সংক্রমণের কারণে শিক্ষা বোর্ডগুলো মাঝপথে এসে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তরের অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) শিট দেখা স্থগিত করেছে। এ ছাড়া রচনামূলক খাতা দেখায়ও সমন্বয় করতে পারছে না। ফলে অনিশ্চয়তা দেখা দিয়েছে যথাসময়ে ফল প্রকাশ নিয়েও।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, ‘আমাদের চেষ্টা আছে যথাসময়ে এসএসসির ফল প্রকাশের। তবে বেশি দিন অফিস বন্ধ থাকলে তা কষ্টকর হয়ে পড়বে। আর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অন্তত ১৫ দিন পর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে।’
প্রতিবছর জুলাই মাসের শেষে অথবা আগস্টের প্রথম দিকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর শুরু হয় ভর্তিপ্রক্রিয়া। কিন্তু এবার এই সময়ে পরীক্ষা হবে কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে।


























