[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এবার কাতার বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের কাছে ১-০ ব্যবধানে হেরে দ্বিতীয় রাউন্ডে শুরু করল বাংলাদেশ। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার রাত ৮টায় তাজিকিস্তানের রাজধানী দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে। জেমি ডে’র শিষ্যরা ম্যাচের শুরু থেকে নিজেদের প্রত্যাশা মতো খেলতে পারেনি। শুরু থেকে রক্ষণভাগ আগলে রেখে খেলতে থাকে বাংলাদেশ।
অপরদিকে আফগান ফুটবলাররা শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন। এর পরও গোল পেতে ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এ সময় ফ্রি-কিক থেকে ওড়ে আসা বলে মাথা ছোঁয়ান আফগান অধিনায়ক ফারশাদ নুর। বলটি আটকাতে বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম ব্যর্থ হলে তার গ্লাভস ছুঁয়ে বল ঢুকে যায় জালে। এর ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আফগানরা। বিরতি থেকে ফিরে গোল শোধের চেষ্টা করেছিল লাল-সবুজরা। কিন্তু শেষ পর্যন্ত আফগানদের রক্ষণভাগ ভেঙে সমতায় ফিরতে পারেনি জামাল ভূঁইয়ারা।































