[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কয়েক বছর ধরে আমেরিকান মহাকাশ সংস্থা নাসা’র মঙ্গল-মিশনের প্রস্তুতি চলছে। নাসা লাখ লাখ মানুষকে এই ‘লাল গ্রহে’ নিয়ে যাবে। টিকিট বুকিং শুরু হয়েছে, সময় আছে শুধুই সেপ্টেম্বর মাস। প্রশ্ন করতে পারেন, মঙ্গল গ্রহে যাওয়া কি এতটাই সহজ? সশরীরে যেতে হবে না জানিয়েছে নাসা, মঙ্গলের মাটিতে শুধু নামটুকু পৌঁছে দেবে। নাসা টুইট করে নাম এন্ট্রি করার বোর্ডিং পাসও পাঠিয়ে দিয়েছে। তাতেই এখন নাম লেখাবার হিড়িক পড়েছে।
মঙ্গলযান ‘ইনসাইট’-এর পরে আগামী বছর নাসার নতুন অভিযান ‘মার্স ২০২০’। রোভারকে সাজিয়ে গুছিয়ে মঙ্গলকে পাঠাবে নাসা, ল্যান্ড করবে ২০২১ সালে।পৃথিবীর কোটি কোটি মানুষকে এই অভিযানে সামিল হতে নিমন্ত্রণ পাঠিয়েছে নাসা। পৃথিবীবাসীদের নাম রোভারে চেপে মঙ্গলে পাড়ি দেবে।
পদ্ধতিও জানিয়ে দিয়েছে নাসা। নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য ভরে সাবমিট করে দিতে হবে বোর্ডিং পাসে। রোভারের সিলিকন মাইক্রোচিপে এই নাম তুলে দেয়া হবে। ইলেকট্রন রশ্মি দিয়ে চিপের ওপর খোদাই করা হবে নাম। নাম সমেত চিপ সঙ্গে নিয়ে মঙ্গলে পাড়ি দেবে রোভার। ওয়াশিংটনে নাসার সায়েন্স মিশন ডিরেক্টরেটের শীর্ষ অধিকর্তা ড. থোমাস জুরবাকেন বলেছেন, ‘ঐতিহাসিক মঙ্গলযাত্রার জন্য প্রস্তুত নাসা। আমরা চাই এই অভিযানে গোটা পৃথিবী সামিল হোক।’































