[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচি এমনভাবে উদযাপিত হবে যাতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মাধ্যমে জনগণ স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে। তিনি বলেন, ‘প্রাণঘাতী ভাইরাস যেহেতু বিশ্বব্যাপী আতংক সৃষ্টি করেছে, কাজেই জনগণের সুরক্ষা এবং স্বাস্থ্যের প্রতি মনোনিবেশ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সে কারণেই আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচি পুনরায় সাজিয়েছি।’
গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের প্রারম্ভিক ভাষণে একথা বলেন। ‘আমরা চাই জনগণ যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হন। তাদের মঙ্গলের কথা চিন্তা করেই আমরা কর্মসূচি (জন্মশতবর্ষ উদযাপন) নতুন করে সাজিয়েছি, যদিও এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক ছিল,’ বলেন তিনি।
প্রধানমন্ত্রী সিওভিআইডি-১৯ নামক প্রাণঘাতী ভাইরাসের কারণে দেশবাসীকে আতংকিত না হওয়ারও আহবান জানান।তিনি বলেন, ‘এই ভাইরাসটি কয়েকদিনের জন্য থাকবে তারপরে এটি শেষ হয়ে যাবে। তাই এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’ শেখ হাসিনা বলেন, ‘শীত থেকে গ্রীস্মে যাওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। স্বাভাবিকভাবেই শীতজনিত রোগগুলো এ সময় দেখা দেয় এবং আমি অবশ্যই বলতে পারি যে, স্বাভাবিক সর্দিতে আতংকিত হওয়ার কিছু নেই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে, জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন দেশের জন্য একটি বড় ঘটনা। তবে আমরা এটি অন্যভাবে উদযাপন করব, যাতে জনসমাগম কম হয় এবং তাঁরা (জনগণ) ঝুঁকিতে না পড়ে।’ এ প্রসঙ্গে শেখ হাসিনা উল্লেখ করেন যে, সরকার বড় আকারে এটি উদযাপনের উদ্যোগ নিয়েছে এবং লাখ লাখ লোক এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে আমরা জনগণের সুরক্ষা ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে কর্মসূচিগুলো পুনরায় সাজিয়েছি’। প্রধানমন্ত্রী বলেন, তাঁর এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিই হচ্ছে দেশের মানুষের কল্যাণ করা।
তিনি বলেন, ‘এ কারণেই আমি এবং আমার ছোট বোন শেখ রেহানা ও আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা জনসাধারণের সুরক্ষা এবং স্বাস্থ্যের কথা বিবেচনা করে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের কর্মসূচি পুনঃনির্ধারণের সম্মতি দিয়েছি।’ শেখ হাসিনা উল্লেখ করেন যে, বিশ্ব নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের অন্যান্য অতিথিরা এই উদযাপনে অংশ নিতে ভীষণ আগ্রহী ছিলেন। তবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পটভূমির প্রেক্ষাপটে অনুষ্ঠানসূচি পরিবর্তন করা হয়েছে, যা প্রায় শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শিশু সমাবেশসহ অনেক কর্মসূচিই স্থগিত করা হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৭ মার্চ সীমিত আকারে অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনা বলেন, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ অন্যান্য কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে। তবে, টুঙ্গিপাড়ায় শিশু-কিশোর সমাবেশ সীমিত আকারে অনুষ্ঠিত হবে।


























