[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগামী রবিবার (১৭ নভেম্বর) থেকে খুলছে ফুটবল খেলা নিয়ে ছাত্র সংঘর্ষের জেরে বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। পোস্ট গ্রাজুয়েটদের ক্লাস শুরু হবে এ দিন থেকে। আন্ডার গ্রাজুয়েটদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ২৪ নভেম্বর শুরু হবে। এ তথ্য জানানো হয়েছে গতকাল (১৪ নভেম্বর) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্টার জিএম শহিদুল ইসলাম স্মাররিত এক বিজ্ঞপ্তিতে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার।
রেজিস্টার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৬৬তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণ ছাত্র-ছাত্রীদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে। হলগুলো খুলে দেওয়া হবে আগামী ২২ নভেম্বর। হলে প্রবেশের সময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে শিক্ষার্থীদের। একই সাথে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার সভা-সমাবেশ মিছিল।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তঃহল ফুটবল খেলাকে কেন্দ্র করে দুটি হলের শিক্ষার্থীদের সংঘর্ষের পর ১ নভেম্বর শুক্রবার গভীর রাতে কুয়েট অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।


























