স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে গ্রামীণ স্বাস্থ্যসেবায় অবদান রাখছে গোলাম-বানু হাসপাতাল

মঙ্গলবার, অক্টোবর ১, ২০১৯,৯:৪৫ পূর্বাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গোলাম-বানু হাসপাতাল আলো ছড়াচ্ছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। গ্রামের সাধারণ মানুষ নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন। জরুরি মুহূর্তে কাউকে প্রাথমিক চিকিৎসার জন্য ছুটতে হয় না জেলা সদরে। হাসপাতালটিতে গর্ভবতী নারী ও শিশুদের জন্য রয়েছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, গ্রামীণ স্বাস্থ্যসেবায় অবদান রাখছে গোলাম-বানু হাসপাতাল।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শামসুল আলম জোয়ার্দ্দার ২০১২ সালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদা গ্রামে ১০ শয্যা বিশিষ্ট গোলাম-বানু হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। হাসপাতালটিতে ৫ শয্যা করে দুটি নারী ও পুরুষ ওয়ার্ড রয়েছে। রয়েছে ইসিজি, প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি ও অত্যাধুনিক অপারেশন থিয়েটার। ২৪ ঘণ্টা খোলা থাকে জরুরি বিভাগ। সার্বক্ষণিক চিকিৎসা সেবায় রয়েছেন চিকিৎসক, নার্স, প্রশিক্ষিত ধাত্রী ও আয়া। নামমাত্র টাকায় স্বাস্থ্যসেবা পাওয়ায় খুশি এলাকার মানুষ।

হাসপাতালের চিকিৎসক জানালেন নিয়মিত চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি মানুষকে স্বাস্থ্য সচেতন করতে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গোলাম-বানু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সালে মোহা. ইমরান বলেন, মাঝে মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়। এখানে মূলত মা ও শিশুদের নিয়ে কাজ করা হয় এবং তা খুবই অল্প মূল্যে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গোলাম-বানু হাসপাতালের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী বলেন, স্বল্প মূল্যে চিকিৎসা দেয়ার এ উদ্যোগ খুব মহৎ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আলমডাঙ্গা উপজেলার নাগদাসহ আশপাশের ২০টি গ্রামের মানুষ এ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য সেবা নিচ্ছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে