[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর বিভিন্ন এলাকার ক্লাবে ক্যাসিনো বা জুয়ার আসর বসানো, মাদক ব্যবসা পরিচালনা, মানি লন্ডারিংসহ নানা অপরাধে জড়িত অভিযোগে গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও সহ-সভাপতি আরমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু। তিনি বলেন, ‘আমাদের চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী এই অভিযানে যারাই আটক হবে, তাঁদেরকে বহিষ্কার করা হবে। সে হিসেবে সম্রাট ও আরমানকে বহিষ্কার করা হয়েছে।’
এর আগে, ক্যসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ রবিবার ভোর ৫টার দিকে অভিযান চালানো হয় কুমিল্লার চৌদ্দগ্রামে। এ সময় চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের একটি বাড়ি থেকে সহযোগী আরমানসহ সম্রাটকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তাঁরা কুঞ্জশ্রীপুর গ্রামের মুনির চৌধুরী নামের এক ব্যক্তির বাড়িতে লুকিয়ে ছিলেন। তাঁদেরকে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র্যাব-৩ এর কার্যালয়ে আনা হয় গ্রেপ্তারের পর। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল সম্রাটকে নিয়ে রাজধানীর কাকরাইলে অবস্থিত তাঁর নিজের কার্যালয় ‘ভূঁইয়া ম্যানসনে’ অভিযান চালায়। ওই অভিযান এখনও চলছে।
সম্রাট-আরমানের বিরুদ্ধে ক্যাসিনো বা জুয়ার আসর বসানো, মাদক ব্যবসা পরিচালনা, মানি লন্ডারিংসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করে পুলিশ সদর দপ্তর।






























