[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের মরদেহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাফন করা হয়েছে ফাঁসির দণ্ড কার্যকরের পর। রোববার (১২ এপ্রিল) ভোরে দাফন সম্পন্ন করা হয় উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে তার শ্বশুরবাড়ি এলাকায় স্কুলের পাশে কবরস্থানে।
এর আগে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আব্দুল মাজেদের ফাঁসির দণ্ড কার্যকর করা হয় রাত ১২টা ১ মিনিটে। বঙ্গবন্ধুর খুনির লাশ ভোলায় নিয়ে পারিবারিক করবস্থানে তাকে দাফনের কথা ছিল ফাঁসি কার্যকরের পর সব আনুষ্ঠানিকতা শেষে। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ ঘোষণা দেয় ভোলায় বঙ্গবন্ধুর খুনিকে দাফন করতে দেয়া হবে না।
সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম দাফনের বিয়য়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মাজেদের দাফন প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে সম্পন্ন করা হয়েছে। স্থানীয় প্রশাসনকেও তা জানানো হয়নি। সকালে এ খবর শুনে তিনি খোঁজ নিয়ে বিভিন্নজনের মাধ্যমে জানতে পারেন রাত ৩টায় মাজেদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে এনে দাফন করে চলে যায়।


























