টিভি সাংবাদিক-কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা ও বকেয়াসহ বেতন নিশ্চিত করার আহ্বান তথ্যমন্ত্রীর

রবিবার, এপ্রিল ১২, ২০২০,৮:৩২ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা ও বকেয়া-সহ বেতন-ভাতাদি পরিশোধের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

গতকাল রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতাদের সঙ্গে বৈঠকশেষে  এ আহ্বান জানান মন্ত্রী।

          মন্ত্রী বলেন, ‘করোনার এই বৈশ্বিক দুর্যোগের সময় সংবাদকর্মীরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন। টেলিভিশন সাংবাদিকদের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে। তারা এ কাজটি শুরু থেকেই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন।’

          ইতোমধ্যে কয়েকজন সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেক সংবাদকর্মীকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সুতরাং তারা ঝুঁকি নিয়ে কাজ করছে। এই ঝুঁকি নিয়ে কাজ করার ক্ষেত্রে কীভাবে তাদের সহায়তা করা যায়, স্বাস্থ্যসুরক্ষা দেয়া যায়, সে বিষয়ে আজ আলোচনা হয়েছে।’

          এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করা এবং জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছানোর জন্য গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘একই সঙ্গে গুজবের বিরুদ্ধে মূলধারার মিডিয়াগুলো, টেলিভিশন ও পত্রিকা যে বলিষ্ঠ ভূমিকা রাখছে এজন্যও তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’

          ‘অনেক টেলিভিশন থেকে বেতন-ভাতা দেয়া হয়নি বলে আজকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আমাকে জানিয়েছে’ জানিয়ে ড. হাছান মাহ্‌মুদ বলেন, ‘আমি সব টেলিভিশন চ্যানেলের পরিচালনা পর্ষদকে অনুরোধ জানাব, যাদের বেতন-ভাতা দেয়া হয়নি এই পরিস্থিতিতে আপনাদের কোন কারণে অসুবিধা হলেও তাদের বেতন-ভাতা একইসঙ্গে বকেয়া পরিশোধ করে দেয়ার জন্য।’

          ড. হাছান আরো বলেন, ’সরকারের পক্ষ থেকে কীভাবে সংবাদ কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা দেয়া যায় এবং আজকে যে ঝুঁকির মধ্যে তারা কাজ করছেন এটার ক্ষেত্রেও কী করা যায় সেগুলো নিয়েও আমরা কাজ করছি।’

          ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সভাপতি রেজওয়ানুল হক রাজার নেতৃত্বে সেন্টার সচিব শাকিল আহমেদ এবং সৈয়দ ইশতিয়াক রেজা, নজরুল কবীর ও শাহনাজ শারমিন বৈঠকে অংশ নেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে