[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ হেফাজতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনার মূল হোতা এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তারের আগে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং বাঁধছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। সে সময় ভিডিওটি ধারণ করা হয়েছে।
সিলেট পিবিআই’র পুলিশ সুপার খালেকুজ্জামান এসআই আকবরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পিবিআই একটি দল কানাইঘাট এলাকায় যাচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ভারতে পালিয়ে যাওয়ার পথে কানাইঘাটের ডনা সীমান্ত থেকে জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে।


























