[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ মঙ্গলবার রাজশাহী নগরীতে ভোরে রাস্তার মাঝে কুপিয়ে হত্যা করা হয়েছে এক কলেজ ছাত্রকে । এ ঘটনা ঘটে নগরীর হেতেমখাঁ ও বর্ণালীর মাঝামাঝি সড়কে। নিহত ওই ছাত্রের নাম ফারদিন আশারিয়া রাব্বি (২২)। তিনি রাজশাহী সিটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মমিনপুর গ্রামে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, ভোর ৬টার দিকে খবর পেয়ে পুলিশ উদ্ধার করেছে তার মরদেহ । তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ছিনতাইকারীদের আঘাতে নিহত হয়েছেন পুলিশ তা এখনো নিশ্চিত নয় । রাব্বিকে হত্যা করা হয়েছে পেছন থেকে কুপিয়ে । এতে তিনি নিহত হন ঘটনাস্থলেই ।
প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন জানান, রাব্বি মেস থেকে বের হয়ে বাড়ি যাওয়ার জন্য স্টেশনে যাচ্ছিলেন ট্রেন ধরতে। এ হত্যাকাণ্ডটি ঘটে ফজরের আযানের পর । তাকে পেছন থেকে কুপিয়ে ফেলে রেখে দুর্বৃত্তরা চলে যায় । ঘটনাস্থলেই ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন পড়েছিল।পরিবারের সদস্যরা মোবাইল ফোনে পুলিশকে জানিয়েছে, কলেজ ঈদের ছুটি হওয়ায় রাব্বির বাড়ি যাবার কথা তার পরিবারকে আগেই জানিয়েছিলেন। সে অনুযায়ী আজ ভোরে তিনি ছাত্রাবাস থেকে বের হওয়ার সময় তার বোনের সঙ্গে কথাও বলেছিল। এ ঘটনা ঘটে এর কয়েক মিনিট পরেই ।
এরপর থেকে পরিবারের সদস্যরা বারবার ফোন করলেও তাকে পায়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ঘটনাস্থলে পাওয়া তার ফোন থেকেই রাব্বির পরিবারের সঙ্গে কথা হয় পুলিশের। পুলিশের কাছেই তারা জানতে পারে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে রাব্বি ।পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস আরো জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত আটক হয়নি কেউ। রাব্বির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে ।




























