[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাতিসংঘের বিজ্ঞান, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সংস্থা-ইউনেস্কো জাতির পিতার জন্মশত বার্ষিকী বাংলাদেশের সাথে যৌথভাবে উদযাপন করার ঘোষণা দিয়েছে। বুধবার সন্ধ্যায় গণভবনে জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেন, গত ২৫ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দফতরে সংস্থার চল্লিশতম সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মতভাবে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। উদযাপন উপলক্ষে আয়োজিত এই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীপরিষদের সদস্যসহ বিশিষ্টজনরা অংশ নেন।
গত ২৫ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে অনুষ্ঠিত ৪০তম সাধারণ অধিবেশনে সংস্থাটির সাধারণ পরিষদের সভাপতি আলতে সেনজাইজারের সভাপতিত্বে এবং ইউনেস্কো মহাপরিচালক মিজ অদ্রে আজুলে এবং বিভিন্ন কমিটি ও কমিশনের চেয়ারপারসনদের উপস্থিতিতে অনুষ্ঠিত প্লেনারি সেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ইউনেস্কোর সাথে যৌথভাবে উদযাপনের প্রস্তাবনাটি দীর্ঘ পথ পরিক্রমায় সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সাথে ইউনেস্কো যুক্ত হওয়ায় আগামী ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত মুজিববর্ষ উদযাপনকালে দেশজুড়ে নানা কর্মসূচি পালনের সাথে সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন আরও ব্যাপক পরিসরে অবহিত করার সুযোগ সৃষ্টি হলো।


























