[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ এর উদ্বোধনী দিনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে শিল্প মন্ত্রণালয়।
জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির নির্দেশনা অনুযায়ী ১৭ মার্চ শিল্প মন্ত্রণালয় ভবন এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার ভবন এবং দপ্তর/সংস্থার নিয়ন্ত্রণাধীন অফিস, কারখানা ও স্কুল-কলেজ ভবনের সামনে বিধি মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া, মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর/সংস্থার ভবনগুলোতে দৃষ্টিনন্দন আলোকসজ্জ্বা করা হবে।
এ দিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব মোঃ আবদুল হালিম-সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করবেন।
এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থা/কারখানাগুলোর মসজিদে বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। মন্দির, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে প্রার্থনা আয়োজন করা হবে। মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের অফিস, প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জাতীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।
মুজিববর্ষ উদ্যাপন কর্মসূচির অংশ হিসেবে ১৫-২৩ মার্চ, ২০২০ শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাগুলো সামঞ্জস্যপূর্ণ ব্যানার, ড্রপ ডাউন, এসএস ফ্রেমড ডিসপ্লে বোর্ড, ফেস্টুন, জন্মশতবার্ষিকীর লোগো সংবলিত পতাকা, রঙিন পতাকা, ফুলের টব ইত্যাদির মাধ্যমে নিজ নিজ ভবন সুসজ্জ্বিত করবে। ১৬ মার্চ ২০২০ থেকে মন্ত্রণালয়ের সামনে স্থাপিত এলইডি ডিসপ্লেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত ভিডিও ক্লিপস্ প্রদর্শন করা হবে। দপ্তর/সংস্থাগুলোও এ ধরনের ভিডিও ক্লিপস্ প্রদর্শন করবে। জাতীয় বাস্তবায়ন কমিটির ওয়েব সাইট থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে।
এছাড়া, মুজিব বর্ষে দেশের কোনো ব্যক্ত গৃহহীন থাকবে না মর্মে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণে শিল্প মন্ত্রণালয় এবং দপ্তর/সংস্থাগুলো বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিজ উদ্যোগে গৃহহীনদের মাঝে গৃহের ব্যবস্থা করবে। শিল্পমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।


























