মায়েদের কল্যাণে সরকারি সহায়তা অব্যাহত থাকবে : পরিবেশ মন্ত্রী

রবিবার, জুলাই ২৬, ২০২০,৩:৩৬ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসে সফলতার পরিচয় দিয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। সরকারের বিভিন্ন ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে বিশ্বের অনেক দেশ অপেক্ষা বাংলাদেশে বর্তমানে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কম। নারী ও শিশুদের কল্যাণে সরকারের এ ধরনের সহায়তামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

          মন্ত্রী গতকাল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ২০১৯-২০ অর্থবছরে দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির আওতায় ১ হাজার ৪৭০ জন এবং কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ৪৭৫ জন উপকারভোগীর মধ্যে ৯ হাজার ৬০০ টাকা করে ভাতা বিতরণ কর্মসূচি ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          পরিবেশমন্ত্রী বলেন, পুষ্টিকর খাবারের অভাবজনিত শারীরিক সমস্যা প্রতিরোধের জন্য প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা থেকেই গর্ভবতী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা চালু করা হয়েছে। মাতৃত্বকালীন ভাতা  সঠিকভাবে ব্যবহারের আহ্বান জানিয়ে পরিবেশ মন্ত্রী বলেন, শারীরিক সমস্যা হলে ডাক্তারের পরামর্শমতো পর্যাপ্ত পুষ্টিকর খাবার এবং ঔষধ সেবন করতে হবে। মন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে মুক্ত রাখতে সরকারের বাস্তবসম্মত পদক্ষেপের কারণে বিশ্বের অধিকাংশ দেশ অপেক্ষা বাংলাদেশ করোনা প্রতিরোধে সফল। করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য মন্ত্রী এ সময় সকলের প্রতি আহ্বান জানান।

          বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার।

          উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ১৮২ জন উপকারভোগীকে ৯ হাজার ৬০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে