[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত থাকার পরও ১২তম হয়েছেন এক আবেদনকারী। ওই শিক্ষার্থীর নাম মো. সাজ্জাতুল ইসলাম। গত ৮ নভেম্বর বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সাজ্জাতুলের পরীক্ষাকেন্দ্র ছিল কুমিল্লার টিচার্স ট্রেনিং কলেজ।
পরীক্ষার সময় শিক্ষার্থীদের হাজিরা শিটে সই করতে হয়েছিল। ওই শিট যাচাই করে দেখা গেছে সেখানে সাজ্জাতুলকে এতে অনুপস্থিত দেখানো হয়েছে। কিন্তু ১২ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় ২০৬০৫০ রোল নম্বরের সাজ্জাতুল ১২তম স্থান অর্জন করেছেন।
এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বি ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাসুদা কামাল ফোনে। অন্যদিকে, কমিটির সদস্য সচিব ড. মো. শামীমুল ইসলাম জানিয়েছেন, সাজ্জাতুল যেহেতু ভাইভাতে অংশ নেননি তাই তিনি আর ভর্তি হতে পারবেন না। এ বিষয়ে মন্তব্যের জন্য সাজ্জাতুল ইসলামকে পাওয়া যায়নি।































