বেতন পরিশোধে অভিভাবকদের চাপ না দেওয়ার নির্দেশ

মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২০,৫:৫৮ অপরাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ছাত্রছাত্রীদের বেতন ও অন্যান্য ফি পরিশোধে অভিভাবকদের কোনো ধরনের চাপ না দেওয়ার জন্য মনিপুর স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বেতন ও অন্যান্য ফি পরিশোধে ব্যর্থতার কারণে কোনো ছাত্রছাত্রীকে পরীক্ষা থেকে বিরত রাখা যাবে না, প্রমোশন আটকানো যাবে না।

          শিল্প প্রতিমন্ত্রী গতকাল মিরপুরের রূপনগরে অবস্থিত মনিপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময়কালে এসকল নির্দেশনা প্রদান করেন। কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

          শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনার প্রভাবে আর্থিক সংকটের কারণে যে সমস্ত অভিভাবক ছাত্রছাত্রীদের বেতন ও ফিস পরিশোধে অক্ষম তারা ব্যক্তিগতভাবে কলেজ কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত করলে সেটি বিবেচনা করা হবে। অভিভাবকদের আর্থিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে শতভাগ পর্যন্ত বেতন মওকুফ করা হবে। তবে যে সমস্ত অভিভাবক আর্থিকভাবে স্বচ্ছল তাদের দরখাস্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

          কামাল মজুমদার বলেন, যে সমস্ত ছাত্রছাত্রীর বাসায় তথ্য-প্রযুক্তি ব্যবহারের সুযোগ নেই, তাদের জন্য পর্যায়ক্রমে ল্যাপটপ প্রদানের বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। শিল্প প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় জনগণের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে মনিপুর স্কুল এন্ড কলেজ ভূমিকা রাখছে। তিনি ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে সমন্বয় ও পারস্পরিক যোগাযোগ রেখে করোনাকালে স্কুল ও কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। শিল্প প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়, এমন আচরণ ও কাজ থেকে বিরত থাকা এবং কারও প্ররোচনায় শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ বিনষ্ট করা ও অস্থিরতা সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

          প্রতিমন্ত্রী মনিপুর স্কুল এন্ড কলেজের যে সকল শিক্ষক প্রাইভেট পড়ান বা ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে যথাযথ আচরণ করবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বিনা ফিতে বাড়তি ক্লাস নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে