[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মানসিক অবসাদ একটি ভয়াবহ ব্যাধি। নানা কারণেই এটি আক্রমণ করে মানুষকে। কাউকে অভাবের তাড়নায়, কাউকে প্রেমে বা ক্যারিয়ারের দুশ্চিন্তার সূত্রে। খুব কম লোকই সেই অবসাদ কাটিয়ে উঠতে পারেন। কেউ কেউ তো নিজেকে মুক্তি দেবেন বলে মৃত্যুকে বেছে নেন। আরও একটি নাম যুক্ত হলো সেই তালিকায়। তিনি ভারতীয় অভিনেত্রী পার্ল পাঞ্জাবি। এই তরুণী মুম্বাইয়ে নিজ বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিক তদন্তে পুলিশের এটাই অনুমান করছে।
২০ বছর বয়সী পার্ল মুম্বাইয়ের লোখান্ডওয়ালার কাছে ওশিওয়ারায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ওই ফ্ল্যাটের দারোয়ান বিপিন কুমার ঠাকুর বলেন, ঘটনাটি ঘটে ২৯ আগস্ট রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে। তার ভাষ্য, ‘হঠাৎ একটা শব্দ হলে আমি ছুটে যাই। প্রথমে বুঝতে পারিনি কীসের শব্দ। ভাবলাম রাস্তায় হয়তো কেউ চিৎকার করছে। কী হয়েছে দেখতে দৌড়ে গেলাম রাস্তায়। ফিরে এসে শুনলাম, ফ্ল্যাটের তিন তলায় যেখানে তিনি থাকতেন সেখান থেকেই শব্দটা এসেছে।’
ওশিওয়ারা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্ল অনেকদিন ধরেই বলিউডে বড় ব্রেক পাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তা না মেলায় ওই অভিনেত্রী মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। নিজের ক্যারিয়ার নিয়ে মায়ের সঙ্গেও মাঝে মাঝে ঝামেলা হত তার। তিনি এর আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সে যাত্রায় প্রাণে বাঁচলেও এবার আর শেষ রক্ষা হলো না তার।































