[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
তিনদিন আগে মুক্তি পেয়েছে বলিউডে তারকা শাহরুখ-দীপিকার ‘পাঠান’ ছবির প্রথম গান। বিতর্ক শুরু হয়ে গেছে এরই মধ্যে। ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছে গানের দৃশ্য শেয়ার করে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডিং।
‘পাঠান’ ছবির প্রথম গানে দীপিকার পাশাপাশি শাহরুখও যে বেশ ‘বেশরম’ হতে চলেছেন, তা আগেই অনুমান করেছিলেন ভক্তরা। তাতেই গানটি দেখার আগ্রহ বেড়েছিল। অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার প্রকাশ্যে আসে ‘বেশরম’।নেটদুনিয়া তাতেই তোলপাড়।
গানটি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারও গানটি পছন্দ হয়েছে, কারও কাছে বেশি অশালীন মনে হয়েছে। এর মধ্যেই নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে।
‘#বয়কট_পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে— পাঠান ছবিতে নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং।
আনেকেই এই টুইট শেয়ার করেই আবার পুরো ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তার স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে ছবিটি বয়কট করার ডাকও দেওয়া হয়েছে।































