[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে, পাবনা জেলার সদরের দিলালপুর মহল্লার একই পরিবারের বাবা, মা ও মেয়েসহ তিন জনের মরদেহ উদ্ধার এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দুর্বৃত্ত কর্তৃক মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, গত ০৫.০৬.২০২০ ইং তারিখ বিভিন্ন দৈনিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় যে- পাবনা জেলার সদরের দিলালপুর মহল্লার একই পরিবারের দুর্বৃত্ত কর্তৃক বাবা, মা ও মেয়েসহ তিন জনকে হত্যা ঘটনা ঘটেছে।জানা য়ায় যে, গত ৫ জুন ২০২০ তারিখ শুক্রবার রাকাবের (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বারের বাড়ি থেকে পঁচা গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দিলে পুলিশ ওই বাড়িতে গিয়ে বাড়ির চারপাশে ঘুরে জানালা দিয়ে ভেতরে মরদেহ দেখতে পেয়ে লাশ তিনটি উদ্ধার করে।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দুর্বৃত্ত কর্তৃক মা ও মেয়েকে নিজ ঘরে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। জানা য়ায় যে, গত ৫ জুন ২০২০ তারিখ শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের পূর্ব জামসী গ্রামে মা ও মেয়েকে রাতে খেয়ে ঘুমিয়ে পড়ে। হত্যার শিকার নারীর ছোট বোন পরের দিন সকালে বাড়িতে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীকে জানালে তারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে ডেকে নিয়ে এসে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকলে মেঝেতে রক্তের ছাপ ও বিছানায় ও মাটিতে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখলে পুলিশ-কে জানালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
বিবৃতিতে তারা আরো বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ উপরোল্লেখিত নৃশংস হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের সনাক্তকরনপূর্বক দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। সেইসাথে এ ধরণের নৃশংস, বর্বর ও নৈরাজ্যজনক ঘটনা প্রতিরোধে সরকার, প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।একইসাথে সকল প্রকার নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিরোধে সকল সামাজিক শক্তিকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে।


























