[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরীর সুস্থতা কামনায় গতকাল দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দুস্থ ও অসহায়দের মাঝে এ সময় খাবারও বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর ইস্কাটন গার্ডেন অফিসার্স কোয়ার্টার মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সরকারি কর্মকর্তাদের পাশপাশি আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিলাদে অংশ নেন। মোনাজাতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর রোগমুক্তি চেয়ে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়। পরে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়া চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, পায়রা বন্দর, চট্টগ্রাম মেরিন একাডেমি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদ এবং নৌপরিবহন প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকা বিরল ও বোচাগঞ্জের বিভিন্ন মসজিদে প্রতিমন্ত্রীর রোগমুক্তি কামনায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে স্ব স্ব স্থানের সরকারি কর্মকর্তা-সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হন নৌপরিবহন প্রতিমন্ত্রী। বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি ঢাকায় মিন্টো রোডের সরকারি বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।


























