[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ব্যক্তিগত ৯ রানে ব্যাট করার সময় তামিম ইকবাল রোহিত শর্মাকে জীবন উপহার দিয়েছিলেন । বিনিময়ে এবার তামিমকে সেঞ্চুরি উপহার দিলেন ‘হিটম্যান’ খ্যাত ভারতের এই বিধ্বংসী ওপেনার। জীবন পেলেই যে রোহিত সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করেন, এখন পর্যন্ত চার বার তা প্রমাণ হয়ে গেল চলতি বিশ্বকাপেই । ক্যারিয়ারের ২৬তম এবং চলতি বিশ্বকাপে চার নম্বর সেঞ্চুরি তুলে নিতে রোহিত খেলেছেন ৯০ বল; হাঁকিয়েছেন ৬টি চার এবং ৫টি ছক্কা।সৌম্য সরকার ৩০তম ওভারে অবশেষে এই বিধ্বংসী ওপেনারকে ১০৪ রানে ফেরান । ওপেনিং জুটি ভাঙে ১৮০ রানের ।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং মোহাম্মদ সাইফউদ্দিন টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের হয়ে বোলিং উদ্বোধন করেন । দুজনের শুরুটা দারুণ হয়েছিল। বাংলাদেশ বড় ধাক্কা খায় মুস্তাফিজুর রহমানের করা ৬ষ্ঠ ওভারে । দলীয় ১৯ রানে বিধ্বংসী ওপেনার রোহিত শর্মার দেওয়া সহজ একটা ক্যাচ হাতছাড়া করেন ভালো ফিল্ডার বলে পরিচিত তামিম ইকবাল!
রোহিত তখন ৯ রানে ব্যাট করছিলেন। জীবন পেয়ে লোকেশ রাহুলকে নিয়ে হাত খুলে মারতে থাকেন রোহিত। ১০৫ বলে উদ্বোধনী জুটির রান একশ ছাড়িয়ে যায়।’হিটম্যান’ রোহিত ৪৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন । লোকেশ রাহুল এরপর ৫৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন । রোহিত আরও ভয়ংকর হয়ে ওঠেন হাফ সেঞ্চুরির পর ।
ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে একাদশে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। ইনজুরি থেকে সেরে উঠলেও ম্যাচ খেলার উপযোগী হননি জাতীয় দলের এই নির্ভরযোগ্যতার প্রতীক। সাব্বির রহমান তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন । যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সহজ ক্যাচ মিসসহ ব্যাট হাতে ‘ডাক’ মেরেছিলেন। এছাড়াও টাইগার একাদশে এসেছে আরও এক পরিবর্তন। মেহেদী মিরাজের বদলে এসেছেন রুবেল হোসেন। বাংলাদেশ চার পেসার নিয়ে আজ বোলিং আক্রমণ সাজিয়েছে।
অন্যদিকে ভারতের ও দুটি পরিবর্তন একাদশে এসেছে । বাংলাদেশের ব্যাটিং লাইনআপের বিপক্ষে দুই রিস্ট স্পিনার নিয়ে খেলার সাহস হয়নি কোহলিদের। যে কারণে বাদ পড়েছেন কুলদীপ যাদব এবং কেদার যাদব। এই দুজনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পেস তারকা ভুবনেশ্বর কুমার এবং উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিক। এই দিনেশ কার্তিকই নিদাহাস ট্রফিতে বাংলাদেশকে শিরোপা বঞ্চিত করেছিল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।































