[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইরানের এক সংসদ সদস্য ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে হত্যাকারীকে ৩০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে।
ইরানের পার্লামেন্টভিত্তিক সংবাদ সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানায়, গত মঙ্গলবার (২১ জানুয়ারি) কেরমান প্রদেশের কাহনুজ শহরের সংসদ সদস্য আহমদ হামজা পার্লামেন্টে নিজের ভাষণে এ ঘোষণা দিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘কেরমান প্রদেশের নাগরিকদের একজন হয়ে আমি ঘোষণা দিচ্ছি, ট্রাম্পকে যে-ই হত্যা করুক না কেন, তাকে ৩০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে। এ প্রদেশের সবাই কাসেম সোলাইমানির যোদ্ধা। আমরা শহীদ হতে ভয় পাই না।’
এছাড়া মার্কিন সেনাদের হুমকি দিয়ে তিনি আরও বলেন, ‘শহীদ কাসেম সোলাইমানি জীবিত সোলাইমানির চেয়েও ভয়ংকর। আপনারা এখন এ বাস্তবতার স্বাদ পাবেন।’ ট্রাম্পের সরাসরি নির্দেশে ৩ জানুয়ারি মার্কিন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানি কেরমান প্রদেশেরই নাগরিক ছিলেন।
তথ্য সূত্র: রয়টার্স































