[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ডাকসু নির্বাচনে ছাত্রলীগ নেতাদের জালিয়াতির মাধ্যমে ভর্তির ঘটনায় জড়িত উপাচার্য ও বাণিজ্য অনুষদের ডিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের কর্মীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে ঢাবির বিজনেস ফ্যাকাল্টি এলাকায়। এতে আসিফ মাহমুদ নামে এক শিক্ষার্থী চোখের নিচে আঘাত পান। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, নিয়মবহির্ভূত ভর্তির প্রতিবাদে কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা এদিন বিজনেস ফ্যাকাল্টির ডিন শিবলী রুবাইয়াতুল ইসলামের কার্যালয় ঘেরাও করতে চায়। প্রগতিশীল ছাত্রজোটও ঘেরাও কর্মসূচিতে তাদের সঙ্গে যোগ দেয়। তবে নিয়মিত শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণকারী সকল নিয়ম বহালের দাবিতে এ সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের কর্মীরাও ডিনকে স্মারকলিপি দিতে আসেন। এ সময় হাতাহাতি হয় উভয়পক্ষের মধ্যে। পরে শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে সংঘর্ষের পর ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মীরা বিজনেস ফ্যাকাল্টি এলাকা থেকে চলে গেলেও ছাত্রলীগের কর্মীরা সেখানে অবস্থান করছে।


























