[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গণস্বাস্থ্য কেন্দ্র ‘ব্লাইন্ড স্টিক’ উদ্ভাবন করেছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলে বিভিন্নভাবে সংকেত দিয়ে সাহায্য করবে এটি।
আজ সোমবার (১৭ আগস্ট) নতুন এই উদ্ভাবনের বিষয়টি প্রকাশ করে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ব্লাইন্ড স্টিকটি উদ্ভাবনে কাজ করেছেন গণবিশ্ববিদালয়ের মেডিক্যাল ফিজিকস অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তন্ময় রায় ও তাঁর দল।
চলার সময় দৃষ্টি প্রতিবন্ধীদের সামনে এই স্টিক কোনো বাধা থাকলে সংকেত দেবে তারবিহীন হেডফোনের মাধ্যমে, যা কাজ করবে আল্ট্রাসনোমিটারে। এ ছাড়া রাস্তার কোথাও উঁচু-নিচু থাকলে সেটিও সংকেত দিয়ে চোখে দেখতে না পাওয়া ব্যক্তিকে জানিয়ে দেবে এ স্টিক।
স্টিকটিতে জিপিএস সিস্টেম থাকায় কোনো অন্ধ ব্যক্তি হারিয়ে গেলে তার লোকেশন ট্র্যাক করে তাকে খুঁজে পাওয়া যাবে। এ ছাড়া এতে রয়েছে ওয়াটার সেন্সর, যা দৃষ্টি প্রতিবন্ধীর চলাচলের পথে পানি থাকলে এর ব্যবহারকারীকে সতর্ক করে দেবে স্টিকটি।
এই স্টিকে রয়েছে পালস সেন্সর, যার মাধ্যমে একজন অন্ধ ব্যক্তির পালসও পরিমাপ করা যাবে। আর জরুরি বোতামের মাধ্যমে ব্যবহারকারী সাহায্যের জন্য আবেদন জানাতে পারবেন খুব সহজেই।


























