[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় গতকাল সকালে খুলনা খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ১৫ নম্বর ওয়ার্ডের কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চালসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।
বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনাভাইরাস প্রতিরোধে খুলনা থেকে কোন অবস্থাতেই মানুষকে বের হতে এবং প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে শারীরিক দূরত্ব বজায় নিশ্চিত করা সকলের দায়িত্ব। বাইরে বের না হয়ে ঘরে থাকতে হবে।
উল্লেখ্য, ইতোমধ্যে নগরীর ৩১টি ওয়ার্ডে প্রথম ধাপে প্রতিটি ওয়ার্ডের তিনশ জন নিম্নআয়ের মানুষের মাঝে ১০ কেজি করে মোট ৯৩ হাজার মেট্রিক টন চাল এবং এক কেজি করে আলু, ডাল, লবণসহ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
পরে মেয়র খালিশপুর খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে রান্না করা খাবার কর্মহীন শ্রমিকদের মাঝে বিতরণ করেন। সিটি মেয়র প্রধানমন্ত্রী ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় দ্বিতীয় ধাপের নগরীর ১০, ৬ ও ৩০ নম্বর ওয়ার্ডের মোট এক হাজার দুইশত ৮৪ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝেও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।





























