[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘ সদর দপ্তরের কর্মকর্তারা। একই দিন ভাষণ দেওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
জাতিসংঘের ভাষণ দেওয়ার পরদিন গণমাধ্যমকর্মীদের সঙ্গে সকালে বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধু মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলিত হবেন। একই দিন দুপুরে টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে নাগরিক সংবর্ধনায় ভাষণ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। এদিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন। সে আলোকেই সবকিছু সাজানো হচ্ছে বলে জানান সংবর্ধনার আয়োজকরা।
জানা গেছে, ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন শেখ হাসিনা জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে। এবার তিনি ১৬তম ভাষণ দেবেন সাধারণ পরিষদে। যথারীতি তিনি বাংলায় ভাষণ দেবেন এ বিশ্বসভায়। এ ছাড়া জলবায়ু, টেকসই উন্নয়ন এবং জনস্বাস্থ্য, শরণার্থী ইস্যুতেও বিভিন্ন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এবারও জাতিসংঘের বিভিন্ন ফোরামে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে। জানা গেছে, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতিও প্রশংসিত হবে জাতিসংঘে।
এ সফরে শেখ হাসিনার বৈঠকের সম্ভাবনা রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে। হোটেল প্যালেসে প্রধানমন্ত্রীসহ তার ঘনিষ্ঠ কর্মকর্তারা থাকবেন। সেই হোটেলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বেশ কয়েকজন বিশ্বনেতা অবস্থান করবেন। এদিকে শেখ হাসিনাকে জেএফকে এয়ারপোর্টে বিপুল অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জনসংযোগ শুরু হয়েছে।
তথ্যসূত্র: এনআরবি নিউজ


























