[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বর্তমান কৃষিবান্ধব সরকারের আন্তরিক প্রচেষ্টা, কৃষিবান্ধব নীতি প্রণয়ন, গবেষণা কার্যক্রম জোরদারকরণ সর্বোপরি কৃষকদের নিরলস শ্রমের ফসল হিসেবে বাংলাদেশের কৃষিখাতে একটি বিপ্লব সৃষ্টি হয়েছে। শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নয়, বাংলাদেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। কৃষি বিজ্ঞানী, গবেষক ও কৃষিবিদদের সমন্বিত প্রয়াসের ফলে নতুন নতুন চাষাবাদ প্রযুক্তি ও উচ্চ ফলনশীল জাতের উদ্ভাবন ঘটেছে। এসব উচ্চ ফলনশীল চাষাবাদ প্রযুক্তি সারাদেশে ছড়িয়ে দিতে হবে।
প্রতিমন্ত্রী গতকাল সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাটরায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউট (বারি) উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোর ওপর মাঠ দিবস-২০২০ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সাতক্ষীরা কৃষি ক্ষেত্রে সফলতার একটি প্রকৃষ্ট উদাহরণ। ৪০ শতাংশ জমি লবণাক্ত হওয়া সত্ত্বেও জেলাটি গত বছর ১ লাখ ৭৮ হাজার টন উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করেছে। তিনি বলেন, বারি উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো একটি উচ্চ তাপমাত্রা সহনশীল ও ভাইরাস প্রতিরোধী উচ্চ ফলনশীল টমেটোর জাত। এতে রয়েছে বিটা-ক্যারোটিন ও লাইকোপেনসহ হৃদরোগ, ক্যান্সার প্রতিরোধী উপাদান। অত্যন্ত পুষ্টি গুণসম্পন্ন এ টমেটোর চাষ প্রযুক্তি সাতক্ষীরাসহ দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দিতে হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ নাজিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা সাইফুল্লাহ ।


























