আমাদের নিরাপত্তা কোথায়?: রুহুল কবির রিজভী

মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯,৯:৪৬ পূর্বাহ্ণ
0
68

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে কী ভয়ঙ্কর পরিস্থিতি হলে একজন বিচারক এজলাসে নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কবোধ করেন! দেশজুড়ে কেবল গুম, খুন, ধর্ষণ, হামলা-মামলা, নারী-শিশুদের পাশবিক নির্যাতন, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা, আগুনে পুড়িয়ে হত্যাসহ দেশ ভরে উঠেছে অনাচার-অবিচারের মহামারিতে। আর  ক্ষমতা কুক্ষিগত করে রাখতে অবৈধ সরকার ব্যস্ত। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  এসব কথা বলেন তিনি।  

তিনি আরো বলেন, কুমিল্লা আদালতে বিচারকের খাস কামরায় কী ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে,  লক্ষ্য করেছেন সেটা। আদালতের বিচারক, কর্মকর্তা, পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থীদের সামনে এক আসামি  কুপিয়ে হত্যা করেছে  আরেক আসামিকে। ঘটনার প্রত্যক্ষদর্শী কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস সাংবাদিকদের বলেছেন, এ হত্যাকাণ্ডের শিকার আমিও হতাম, কিংবা আমার কোনো সহযোগী বা আইনজীবীও হতে পারতেন। আমাদের নিরাপত্তা কোথায়?

রুহুল কবির রিজভী বলেন, সরকারের নিষ্ঠুরতার কোপানলে পড়ে এখন কারাগারে খালেদা জিয়া । গুরুতর অসুস্থ তিনি । তার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১৮ জুলাই বরিশাল, ২০ জুলাই চট্টগ্রাম ও ২৫ জুলাই খুলনায় মহাসমাবেশ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির বিভাগীয় সমাবেশের নামে অতীতের মতো কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না। তার উদ্দেশে বলতে চাই, আপনি যে বিশৃঙ্খলার কথা বলছেন, সেটিই তো উস্কানিমূলক, অশুভ উদ্দেশ্য নিয়েই এ ধরনের বক্তব্য রাখছেন।

এ ছাড়াও সংবাদ সম্মেলনে শেয়ারবাজার দৈন্য-দশাগ্রস্ত দাবি করে রিজভী বলেন, আওয়ামী লীগের ক্ষমতায় থাকা মানে শেয়ারবাজার কেলেঙ্কারি, লুটপাটের মহোৎসব। আওয়ামী সরকার আর শেয়ারবাজার  চলতে পারে না একসঙ্গে। ১৯৯৬ সালের পর ২০১০ সালে শেয়ারবাজার থেকে এক লাখ কোটি টাকার বাজার মূলধন লুট হয়। এ টাকা পাচার করা হয়েছে ইউরোপ, আমেরিকা, মালেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ।

তিনি আরো বলেন, এ লুটপাটের নায়ক ক্ষমতাসীন দলের রথী-মহারথীরা । তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার সাত বছর পরও লুটেরাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়নি । উল্টো শেয়ারবাজার লুটপাটের সঙ্গে জড়িতদের  পুরস্কৃত করা হয়েছে বিভিন্নভাবে। শেয়ার কেলেঙ্কারি মামলায় অভিযুক্তদের মধ্যে প্রধান সারিতে রয়েছেন দেশের তিনটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান। তারা শাস্তির বদলে আরও প্রতাপশালী হয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে