[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পানি নামতে শুরু করলেও বন্যাকবলিত জেলাগুলোতে সড়ক
ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে । মাঠের পর মাঠ ফসল তলিয়ে যাওয়ায় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন । সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের।
জামালপুর
জামালপুরে বন্যার কারণে বাঁধ, কালভার্ট ও ব্রিজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ কিলোমিটার রাস্তা । ১২ হাজার ৪৩টি নলকূপ পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। এছাড়া ৭টি উপজেলার ২৬ হাজার হেক্টর জমির ধান, পাটসহ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ফসল।
সিরাজগঞ্জ
কৃষি ও মৎস্য খাত সিরাজগঞ্জে বন্যায় সবচেয়ে বেশী ক্ষতির মুখে পড়েছে। জেলা মৎস্য বিভাগের তথ্যমতে, বন্যার পানিতে পুকুর ও ঘেরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকার। এছাড়া প্রায় ২১ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ায় কৃষকরা চরম বিপাকে পড়েছেন। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ায় বানভাসী মানুষের দুর্ভোগ কমেনি।
কুড়িগ্রাম
ভয়াবহ বন্যায় কুড়িগ্রামের ১৯ হাজার হেক্টরের বেশি তলিয়ে গেছে বিভিন্ন ফসলের ক্ষেত। ব্যাপক ক্ষতি হয়েছে রোপা আমনের বীজতলা, আউশ, পাট, মরিচ, কলা, আখ ও ভুট্টা চাষের। বিভিন্ন স্থানে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ও ভেঙে যাওয়ায় অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
এছাড়া টাঙ্গাইলেও বন্যায় বিভিন্নস্থানে রাস্তাঘাট ভেঙে পড়ায় বিভিন্ন উপজেলা থেকে সদরে আসতে বেগ পেতে হচ্ছে স্থানীয়দের। গো খাদ্যের চরম সংকট দেখা দেয়ার পাশাপাশি চরম ক্ষতির মুখে পড়েছেন মাছ ও মুরগির খামারিরা।





























