[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সিরাজগঞ্জের কামারখন্দে বেসরকারি হাসপাতালে কর্মরত এক নার্সকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের আশরাফুল ইসলাম (২০) ও নাইমুল হক (২০)।
কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব বলেন, নির্যাতিত নার্সের পূর্ব পরিচিত অভিযুক্ত আশরাফুল। গত রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে উল্লাপাড়া থেকে আশরাফুলের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকার ইউক্যালিপটাস গাছের বাগানের কাছে পৌঁছালে আশরাফুল তার তিন বন্ধুকে ফোন করে ডেকে নিয়ে আসে। পরে তারা ওই নার্সকে জোর করে একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রাচীরের কাছে নিয়ে রাতভর ধর্ষণ করে। ভোররাতে চার বন্ধু আহত নার্সকে ফেলে পালিয়ে যায়।
ওসি বলেন, স্থানীয়রা সকালে ওই নার্সকে ওই স্থানে পড়ে থাকতে দেখে। তাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এ ঘটনায় গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত চারজনের নাম উল্লেখ ও দুইজনকে অজ্ঞাতনামা আসামি করে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন নির্যাতিত নার্সের ভাই শরিফুল ইসলাম।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম বলেন, মামলার পর অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।





























