[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দেশে ধর্ষণ ও নারী নির্যাতন মহামারী আকার ধারণ করেছে উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের জেলায় জেলায় যে নারী ধর্ষণ হচ্ছে, তাতে বোঝা যায় দেশে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। এটা কেন? এতে বোঝা যায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা কমেছে। এটা আমাদের জন্য গভীর উদ্বেগের। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত ধর্ষণবিরোধী এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
ড. কামাল বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করি। সংবিধানে বলা আছে এ দেশে বহুদলীয় গণতন্ত্র থাকবে। জনগণের মতামত থাকবে। সংবিধানে যে মূল কথাগুলি স্বীকৃত আছে সেগুলোর মধ্যে যে দেশে আইনের শাসন থাকবে মানুষের জানমালের নিরাপত্তা থাকবে এসব বিষয়ে কারো তো কোন মতপার্থক্য থাকার কথা না। আমরা যে যেই দলই করিনা কেন যদি সাধারণ মানুষের কাছ থেকে কোনো মতামত যাচাই করা হয় তাহলে সবাই বলবে যে, সবকিছুর আগে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর হতে যাচ্ছে। আমরা উদযাপন করব। কিন্তু আমরা কী পেলাম। দেশে আজ কেন এ ধরনের ঘটনা ঘটবে। দেশের জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই, দেশে যেন আইনের শাসন কার্যকর হয়। গণতন্ত্র প্রতিষ্ঠা পায়। তা না হলে কোনো দিন তারা সমাজকে সন্ত্রাসমুক্ত করতে পারবে না।
ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদ রহমান মান্না, বিকল্পধারার চেয়ারম্যান নুরুল আমিন বেপারীসহ অনেকে।


























