[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বখাটের উৎপাত সইতে না পেরে পিরোজপুরে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তামিমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করা হয় ভাণ্ডারিয়া পৌর এলাকার নিজ বাসা থেকে। এর আগে, নির্যাতিতার বাবা বখাটে তামিমসহ পাঁচজনের নাম উল্লেখ করে ভাণ্ডারিয়া থানায় মামলা করেন।
স্বজনরা জানান, এলাকার বখাটে তামিম খান কয়েকমাস ধরে স্কুলে যাওয়া আসার পথে ভাণ্ডারিয়া উপজেলা শহরের দশম শ্রেণির ছাত্রী রুকাইয়া রুপাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এতে রাজি না হওয়ায় রুপার একটি ছবি এডিট করে বিভিন্ন জনের ম্যাসেঞ্জারে পাঠায় তামিম। শুক্রবার বিকেলে প্রেমে রাজি না হওয়ায় ওই বখাটে এডিট করা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালেও রুপা ঘরের দরজা বন্ধ করে ঘুমের ওষুধ খায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, এ ঘটনায় রূপার বাবা ভাণ্ডারিয়া থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। পরে ভাণ্ডারিয়া থানা পুলিশ ডিবির সহায়তা প্রধান আসামি তামিমকে গ্রেফতার করি। অন্য আসামিদেরও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।





























