[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হাইকোর্ট বিটিআরসিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বিভিন্ন অনলাইন প্লাটফর্মে থাকা বিভিন্ন ওয়েব সিরিজে প্রদর্শিত অশ্লীল দৃশ্য ৭ দিনের মধ্যে সরিয়ে ফেলতে। একইসঙ্গে বিটিআরসিকে এসব প্ল্যাটফর্ম থেকে কিভাবে রাজস্ব আদায় করে সেবিষয়ে একমাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার এ আদেশ দিয়েছেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. তানভীর আহমেদের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। এ আইনজীবী আদালতে নিজেই শুনানি করেন।
এর আগে ওয়েব সিরিজে প্রদর্শিত অশ্লীল দৃশ্য সরিয়ে ফেলার নির্দেশনা চেয়ে গত ১২ জুলাই রিট আবেদন করেন ওই আইনজীবী। রিট আবেদনে তথ্য ও স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান ও পরিচালক, পুলিশের আইজি এবং সিআইডি’র সাইবার পুলিশ ব্যুরোর অতিরিক্ত উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বিবাদী করা হয়।
বিভিন্ন অনলাইন প্লাটফর্মে থাকা বিভিন্ন ওয়েব সিরিজে প্রদর্শিত অশ্লীল দৃশ্য সরিয়ে ফেলতে ই-মেইলের মাধ্যমে গত ১৪ জুন বিবাদীদের প্রতি আইনি নোটিশ পাঠান ওই আইনজীবী। একইসঙ্গে ওয়েব বেসড সমপ্রচার নিয়ন্ত্রণে কেন পৃথক একটি নীতিমালা তৈরি করা হবেনা, তা আগামী ৭ দিনের মধ্যে জানাতে বলা হয়। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। এই আইনি নোটিশ দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় রিট আবেদন করা হয়।































