সারা দেশে ধর্মঘটের ডাক দিলেন ভারতের চিকিৎসকরা

শনিবার, জুন ১৫, ২০১৯,৮:৩৪ পূর্বাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গতকাল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ধর্মঘটে সমর্থন দিয়েছেন দেশটির প্রায় সব রাজ্যের ডাক্তাররা। তাঁরা আন্দোলন করছেন কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে । এর মধ্যে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) আগামী সোমবার সারা দেশের হাসপাতালগুলোয় ধর্মঘটের ডাক দিয়েছে । জরুরি ও রুটিন সেবা ছাড়া অন্য সব সেবা সেদিন বন্ধ রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, গতকাল গোটা ভারত এনআরএসের ডাক্তারদের কর্মবিরতিতে কার্যত শামিল হয়। নিরাপত্তার দাবিতে আন্দোলনে শামিল হন উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, বিহার, আসামসহ সব রাজ্যের মেডিক্যাল কলেজের চিকিৎসকরা । চিকিৎসকরা কোথাও কাজ বন্ধ রেখে, কোথাও রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। ফলে আউটডোর এবং জরুরি সেবা কার্যত বন্ধ ছিল এসব হাসপাতালে । সব মিলিয়ে এনআরএস আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে।

বুদ্ধিজীবী মহল এনআরএসের ডাক্তারদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছে । কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার এ দাবিতে আরো ছিল আইনজীবী, সমাজকর্মী, কলেজপড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য সাধারণ মানুষ।

চিকিৎসক তথা মানবাধিকারকর্মী বিনায়ক সেন এদিন মিছিলে যোগ দেন ।মিছিলে দেখা মেলে ‘ন্যায্য বিচার চাই’ প্ল্যাকার্ড হাতে অপর্ণা সেনের। এ ছাড়া মিছিলে পা মেলান জয়া মিত্র, সুজাত ভদ্র, কমলেশ্বর মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, দেবজ্যোতি মিশ্র, সমীর আইচ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অনুপম রায় প্রমুখ।

তিন দিন ধরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ এনআরএসে গত সোমবার চিকিৎসক নিগ্রহের ঘটনায় । রাজ্য প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে মীমাংসা হয়নি গতকাল পর্যন্ত । বরং কাজে না ফিরলে কড়া পদক্ষেপ নেওয়ার যে হুমকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, তাতে সংকট আরো বেড়েছে। মুখ্যমন্ত্রী ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন । গতকাল বিকেলে সেই দাবি নিয়েই এনআরএস চত্বর থেকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ পর্যন্ত মিছিল বেরোয়।

খবরসূত্র : আনন্দবাজার

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে