[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর সাইন্সল্যাব এলাকায় পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস) দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব এলাকায়। এতে আহত হয়েছেন এক এএসআই ও এক কনস্টেবল। তাদেরকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
বোমা হামলার পর আইএসের কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স শনিবার দিবাগত রাতে জানায়- আইএস দাবি করেছে তাদের অনুসারীরা এই হামলা চালিয়েছে। ঢাকায় পুলিশকে লক্ষ্য করে অত্যাধুনিক আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে জানিয়ে বিবৃতিতে আইএস জানায়, ১৪৪১ হিজরির ১ মুহাররম খিলাফতের এক সেনা দুই জন পুলিশকে টার্গেট করে হামলা চালিয়েছে। এতে তারা অনেক আহত হয়। আমরা আল্লাহর কাছে তাদের ধ্বংস প্রার্থনা করি। সাইট ইন্টেলিজেন্সে প্রকাশিত হয়েছে এ বিবৃতি।
বোমা হামলার এ ঘটনায় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম ও স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের গাড়িবহরে থাকা নিরাপত্তা অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন আহত হয়েছেন। এ সময় কাছাকাছি এলাকায় গাড়িতে থাকলেও কোনো ক্ষতি হয়নি তাজুল ইসলামের।
এ হামলার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া গণমাধ্যমকে বলেছেন, ধারণা করছি সায়েন্স ল্যাবরেটরি মোড়ের পুলিশ বক্সকে টার্গেট করেই হামলা চালানো হয়েছে। পুলিশই মূল টার্গেট বলে মনে হচ্ছে।


























