[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাধারণ মানুষের দাবি উপেক্ষা করে সংসদে গৃহীত বাজেট সম্পর্কে চরম হতাশা প্রকাশ করেছে। গতকাল সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত পলিটব্যুরো সভায় সংসদে গৃহীত বাজেট সম্পর্কে বলা হয়, মধ্যবিত্তের সঞ্চয় পত্রের উপরে ১০% সুদ প্রত্যাহার, ভোজ্য তেল, চিনি, গৃহস্থলী দ্রব্যাদির উপর ভ্যাট প্রত্যাহার করা এবং সর্বোপরি ঋণ খেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংসদে প্রায় সব সদস্য কর্তৃক আলোচিত দাবি সামান্যতম বিবেচনা না করে বরং পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সুবিধাদানসহ প্রায় বাজেটের মূল প্রস্তাবনাদেই বহাল রাখা হয়েছে। পক্ষান্তরে বাজেট অনুমোদন হওয়ার পর পরই সব ক্ষেত্রেই গ্যাসের মূল্য প্রায় ৩২ শতাংশ বাড়ান হয়েছে। এ অবস্থায় বাজেট ও তদ্পরবর্তী গৃহীত ব্যবস্থায় মধ্যবিত্ত ও গরীব মানুষের জীবনযাত্রার ব্যয় প্রভূত পরিমাণে বেড়ে যাবে, অন্যদিকে ঋণ খেলাপীসহ কালো টাকার মালিকরা আরও বিত্তবান হবে। পলিটব্যুরোর সভায় রেগুলেটারি কমিশন কর্তৃক গ্যাসের মূল্য বৃদ্ধি করার ঘোষণাকে অবৈধ ও আইন বহিভূত বলে আখ্যায়িত করে সংসদে এ ব্যাপারে বিস্তারিত আলোচনার দাবি করা হয়। পলিটব্যুরোর সভায় ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে হেরিটেজ তালিকা থেকে বাদ দেয়ার সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করে এ বিষয়েও সংসদে পূর্ণাঙ্গ আলোচনার দাবি করা হয়।
ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর সভা আগামী ২,৩,৪ ও ৫ নভেম্বরে চারদিনব্যাপী পার্টি কংগ্রেসকে কেন্দ্র করে শাখা ও জেলা সম্মেলন অনুষ্ঠানের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত কর্মসূচি চূড়ান্ত করা হয়।
পলিটব্যুরোর সভায় বঙ্গবন্ধু জন্মশতবর্ষ-উৎযাপন সম্পর্কে কর্মসূচী গ্রহণ করা হয়।
পলিটবুরোর সভায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি রাজনৈতিক ও সাংগঠনিক আলোচনার সূত্রপাত করেন। উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড বিমল বিশ্বাস, কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড নুরুল হাসান, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড ড. সুশান্ত দাস, কমরেড ইকবাল কবির জাহিদ, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান প্রমুখ।































