[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনা ভাইরাস পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
মন্ত্রী গতকাল রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে মাঠ পর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে করোনা পরিস্থতিতে করণীয় বিষয়ে মতবিনিময়কালে এসব কথা জানান।
এ সময় মন্ত্রী বলেন, “প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র চাষি ও খামারি থেকে শুরু করে বাণিজ্যিক উদ্যোক্তাদের সকল প্রকার সহযোগিতা দিতে ব্যাপক পরিকল্পনা নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তিনি বলেন, সরকার আর্থিক প্রণোদনা প্রদান, স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ প্রদান, কারিগরী সহায়তা এবং মৎস্য ও প্রাণী খাদ্যে ভর্তুকি প্রদানের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে।
মন্ত্রী আরো বলেন, করোনার কারণে কোনো প্রকারেই যেনো মাছ, মাংস, ডিম ও দুধের উৎপাদন প্রক্রিয়া ব্যাহত না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। মানুষের আমিষ ও পুষ্টির সবচেয়ে বড় যোগান আসে এই খাত থেকে। তাই অত্যন্ত গুরুত্বের সাথে এই খাতের উৎপাদন ও বিপণন প্রক্রিয়াকে সচল রাখতে হবে। এছাড়া তিনি মাছ, দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমান বিক্রয় ব্যবস্থাকে সকলের কাছে পৌঁছে দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দেন।
মন্ত্রী এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের দেশের এই ক্রান্তিকালে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে সংশ্লিষ্ট উৎপাদক ও খামারিদের পাশে দাঁড়িয়ে সকল প্রকার সহযোগিতা দিতে তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।


























