মোদির নিরামিষ মধ্যাহ্নভোজে হাসিনাকে নিমন্ত্রণ

রবিবার, অক্টোবর ৬, ২০১৯,৮:১১ পূর্বাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর আপ্যায়নে কোনো কার্পণ্যই করেনি ভারত। রোববার মোদির মধ্যাহ্নভোজে নিরামিষের নানা পদ আয়োজন করা হয়েছে শেখ হাসিনার জন্য। দুই প্রধানমন্ত্রীর ভোজে রয়েছে-দিল্লির পরিচিত দহি ভল্লা পাপড়ি চাট ও বাংলার মোচার চপ। রয়েছে রাজমা-চালমগজের গলৌটি, কড়াই সব্জি, নরম আঁচে রাঁধা গ্রেভিতে মাশরুম ভরা বড়া, মটরশুঁটির ধোঁকার ডালনা, বেগুন আর পটল ভাজা, শাহি ডুঙ্গরি ডাল সহযোগে নানা প্রকার রুটি এবং বাদশাহি পোলাও। শেষ পাতে ছানার মালপোয়া, গুড়ের মিষ্টি দই, মাখা সন্দেশ আর বিভিন্ন ধরনের ফল।  

দর নিয়ন্ত্রণে রাখতে দিল্লি রফতানি বন্ধ রাখায় পেঁয়াজের ঝাঁজ বহুগুণ বেড়েছে বাংলাদেশে। দিল্লি আসার পরেই শেখ হাসিনা হেসে বলেছিলেন, রাঁধুনিদের আপাতত পেঁয়াজ ছাড়াই রান্না করতে বলেছেন তিনি। তার পরে এ দিনের মধ্যাহ্নভোজেও নিরামিষ খাবার।

তবে মোদির সঙ্গে বৈঠকে পেঁয়াজ-উদ্বেগ তুলে ধরতে ভোলেননি হাসিনা। দিল্লির পক্ষে বলা হয়েছে, রফতানি বন্ধের এ নির্দেশ সাময়িক। ঘরোয়া বাজারে দাম একটু কমলেই ফের বিদেশে পেঁয়াজ পাঠানোর অনুমতি দেয়া হবে। তার আগে হাসিনার মুখ চেয়ে এ দিন একটা বন্দোবস্তের কথা ঘোষণা করেছে ভারত সরকার। নিষেধাজ্ঞা জারির আগে বাংলাদেশে রফতানির জন্য পেঁয়াজের যে ট্রাকগুলো রওনা হয়েছিল, সেগুলো বাংলাদেশে সরবরাহের অনুমতি দেয়া হয়েছে। ফলে এখনই ৬ হাজার টন পেঁয়াজ পৌঁছে যাবে বাংলাদেশে। স্বভাবতই সেখানে দাম কিছুটা কমবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে