মুজিববর্ষ উপলক্ষে ১০ লাখ বৃক্ষরোপণ করছে পানি সম্পদ মন্ত্রণালয়

মঙ্গলবার, আগস্ট ১১, ২০২০,৩:৩০ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মুজিববর্ষ উদ্যাপনের অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের অফিস প্রাঙ্গণ, আওতাধীন জমি  এবং পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন প্রকল্পসমূহের খাল-নদী তীর ও অন্যান্য ফাঁকা জায়গায় বনজ, ফলদ ও ঔষধি গাছ রোপণের কর্মসূচি নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। গতকাল পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির কথা জানানো হয়।

          এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বনায়ন ও সবুজ বেষ্টনীর লক্ষ্যে ১ কোটি চারা রোপণ কর্মসূচি চালু হয়েছে। প্রধানমন্ত্রী দেশে মোট বনভূমি ২৫ শতাংশে উন্নীত করার নির্দেশনা দিয়েছেন। সে অনুশাসন পালনে পানি উন্নয়ন বোর্ডের ৫৯টি বিভাগের অধীনে মোট ১০ লাখ বৃক্ষ রোপণ করা হবে। প্রত্যেক এলাকার সংসদ সদস্য-সহ স্থানীয় প্রশাসন, সংবাদ মাধ্যমের সদস্য, সুশীল সমাজ, স্কাউটস এবং মুক্তিযোদ্ধাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। কর্মসূচির গুরুত্বের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একটি গাছ সারা জীবনে কমপক্ষে ২ দশমিক ৫ লাখ টাকার ভূমিক্ষয় রোধ করে। উপকূলীয় এলাকায় দেখা যায়, সকল দুর্যোগে যেখানে গাছ আছে সেখানে ক্ষয়ক্ষতি কম হয়। এছাড়া, বাঁধ টেকসই করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

          পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, নির্ধারিত ১৫-২০ দিনের মধ্যেই ১০ লাখ চারা রোপণের লক্ষ্য আমরা পূরণ করতে পারবো। এই কর্মসূচি সফল করতে ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

          এ বিষয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, আমরা বন বিভাগের সাথে আলোচনা করে জেলা পর্যায়ে ভূ-প্রকৃতি, পরিবেশ প্রতিবেশ বৈশিষ্ট্য বিশ্লেষণ করে নির্ধারিত প্রজাতির চারা রোপণ করবো। কাল থেকে শুরু হয়ে মাসব্যাপী চালু থাকবে এ কর্মসূচি। এছাড়া আগামী ১১-১৪ আগস্ট এবং ২৭-৩০ আগস্ট এই দিনগুলোতে সকলকে সম্পৃক্ত করে উৎসবমুখর পরিবেশে কাজ করা হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে