[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ড. হিলদা হেইনি ‘ঢাকা মিটিং অব দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন (জিসিএ)’ সম্মেলনে যোগ দিতে ঢাকা এসেছেন দুই দিনের সফরে । আজ মঙ্গলবার সকালে তিনি ঢাকা আসেন।
এ সময় প্রশান্তমহাসাগরীয় দ্বীপ দেশটির প্রেসিডেন্টকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১ দিনের এই সম্মেলন উদ্বোধন করবেন। এতে জিসিএর বর্তমান সভাপতি বান কি মুন ‘ওয়ে ফরওয়ার্ড অ্যান্ড নেক্সট স্টেপ টুওয়ার্ডস ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই হোটেলে বৈঠক করবেন মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের সাবেক প্রধানের সঙ্গে । বৈঠকে বিভিন্ন জলবায়ু সম্পর্কিত বিষয়ে আলোচনা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, গ্লোবাল কমিশন ফর অ্যাডাপটেশন সেন্টারের সিইও ড. পেট্রিক ভি ভারকোইজেন, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের নির্বাহী সহসভাপতি এবং ব্যবস্থাপনা পরিচালক মনিশ বাপনা এবং সিজিএ কমিশনার এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুসা প্রস্তুতি বৈঠকে উপস্থিত থাকবেন।
বিকেলে মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের মধ্যে বঙ্গভবনে বৈঠক অনুষ্ঠিত হবে। আগামীকাল সকালে জিসিএ বৈঠকের পরে বিকালে ড. হিলদা হেইনি এবং বান কি মুনের কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এবং খুরুসকূল বিশেষ আশ্রয়ন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।
আগামী বৃহস্পতিবার ভোরে ড. হিলদা ঢাকা ত্যাগ করবেন এবং তাকে বিমান বন্দরে বিদায় জানাবেন পররাষ্ট্র মন্ত্রী ।


























