[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : শিবু রবিদাস নামে একজন সদস্যর সরকারি বন্দোবস্তপ্রাপ্ত জমি ভুমি দস্যু কর্তৃক দখল হওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ঝালকাঠি জেলা শাখা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের সভাপতি তরুন রবিদাস, সাধারণ সম্পাদক জনি রবিদাস ও নির্যাতিত রাজাপুরের শিবু রবিদাস বক্তব্য রাখেন।
সংগঠনের সভাপতি তরুন রবিদাস জানান, সংগঠনের সদস্য রাজাপুর উপজেলার সাকরাইল গ্রামের শিবু রবিদাস ও গঙ্গা রবিদাস ২০১৮ সালে প্রায় দুই একর সরকারি সম্পত্তি বন্দোবস্ত নিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস ও ফসল উৎপন্ন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সাকলাইন গ্রামের হোসেন আলী খান ও মোয়াজ্জেম আলী খান নামে দুই ভাই সম্পতি তাদের দাবি করে দেওয়ানী আদালতে একটি মামলা দায়ের করে । মামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিবু রবিদাস গংদের বিবাদি করা হয়। দেওয়ানী মামলায় নিষেধাজ্ঞা থাকা অবস্থায় করোনাভাইরাসের কারনে আদালত বন্ধ থাকার সুযোগে গত ৪ মে হোসেন আলী খান ও মোয়াজ্জেম আলী খান তাদের লোকজন নিয়ে জোড় পূর্বক শিবু রবিদাস ও গঙ্গা রবিদাসের ভোগদখলীয় জমিতে ঘর নির্মান করে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করা হলে রাজাপুর থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দেওয়া হয়। পুলিশ গিয়ে হোসেন আলীকে এবং মোয়াজ্জেমকে ঘর উঠাতে নিষেধ করলেও পুলিশ চলে যাওয়ার পর আবার তারা নির্মান কাজ চালিয়ে যায়।
মানববন্ধন থেকে উক্ত অবৈধ দখলবাজি বন্ধ করে শিবু রবিদাসের বন্দোবস্ত প্রাপ্ত জমিতে কেহ যাতে ঘর তুলতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।





























