[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পদ্মার তীব্র স্রোত ও নাব্য সংকটে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিনই ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি বাড়ছে। ফলে যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ বেড়েই চলছে। পরিস্থিতি মোকাবিলায় বিআইডব্লিউটিএ প্রশাসনের সহযোগিতায় কাজ করছে।
একদিকে পদ্মা নদীতে তীব্র স্রোত, অন্যদিকে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট দেখা দেয়ায় ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। দিনে ৫ থেকে ৮টি ফেরি চললেও রাতে দুর্ঘটনা রোধে চলালচলকারী ১৭টি ফেরি বন্ধ রাখা হয়।
ফলে প্রতিনিয়ত ঘাটের উভয়পাড়ে আটকা পড়ছে ছোট-বড় শত শত যানবাহন। এতে ভোগান্তি বাড়ছে এ নৌরুটে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকদের। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পিডবোটে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন যাত্রীরা। শিবচরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান জানান, নাব্য সংকট দূর করতে প্রশাসনের সহযোগিতায় একাধিক ড্রেজার দিয়ে পলি অপসারণে কাজ করছে বিআইডব্লিউটিএ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তা প্রদান ও হয়রানি বন্ধে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশের একাধিক দল নিয়মিত কাজ করছে। এদিকে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন নাব্য সংকটের সমাধান না হওয়া পর্যন্ত বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলদিয়া নৌরুট ব্যবহার করার।





























