[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
অনাদায়ি ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা আরো এক মাস বৃদ্ধি করে ১৫ জুন, ২০২০ (০১ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ) করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় গতকাল এ নির্দেশ জারি করে।
উল্লেখ্য, প্রচলিত বিধি অনুযায়ী প্রতি বাংলা বছরের ৩০ চৈত্র তারিখের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে গত ৯ এপ্রিল অনাদায়ি ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা এক মাস বৃদ্ধি করে ১৩ মে, ২০২০ (৩০ বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ) করে নির্দেশনা জারি করেছিল ভূমি মন্ত্রণালয়। অর্থাৎ, আজ ছিল বর্ধিত এ সময়সীমার শেষ দিন।
তবে, ইতোমধ্যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ১৬ মে তারিখ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তাই এই বর্ধিত সময়সীমার মধ্যেও ভূমি উন্নয়ন কর আদায়কারী সংশ্লিষ্ট দপ্তর এবং ভূমি উন্নয়ন কর প্রদানকারী জনগণ ও সংস্থা উভয়ের পক্ষেই আদায় বা পরিশোধ করা সম্ভবপর হবে না মর্মে প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায়, সাধারণ ও সংস্থা নির্বিশেষে সকল শ্রেণির ভূমি উন্নয়ন কর আদায় ও পরিশোধের সুবিধার্থে আগামী ১ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ (১৫ জুন ২০২০) পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায়ের সময়সীমা পুনঃবর্ধিত করেছে ভূমি মন্ত্রণালয়।


























