[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) রবিবার রাতে সশস্ত্র মুখোশধারী বাহিনী তাণ্ডব চালানোর পর শাসক দল বিজেপির ছাত্র সংগঠনের দিকেই অভিযোগের আঙুল উঠছে। ওই হামলার আগে-পরে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও, ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট বিশ্লেষণ করে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম হামলাকারীদের বিজেপি সমর্থক বলেই চিহ্নিত করছে।
জেএনইউ’র ঘটনায় জখম হওয়া ছাত্র-ছাত্রী ও অধ্যাপকরাও সবাই বিভিন্ন বামপন্থী দলের, তারাও এই হামলার জন্য সরাসরি দায়ী করছেন বিজেপির ছাত্র সংগঠন এবিভিপিকে। ‘ইউনিটি এগেইন্সট লেফট’, ‘ফ্রেন্ডস অব আরএসএস’ ইত্যাদি নামধারী হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হামলার প্রস্তুতির নানা প্রমাণ মিলেছে, সেগুলো এদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়ে উঠেছে। সে সব প্রমাণ সংকলন করে ভারতের অনেক গণমাধ্যমই আক্রমণকারীদের বিজেপি সমর্থক বলে চিহ্নিত করছে – যদিও তাদের ছাত্র সংগঠন এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ) আবার পাল্টা দুষছে বামপন্থীদেরই।
এবিভিপি’র সাধারণ সম্পাদক নিধি ত্রিপাঠি বলেন, আমাদের সমর্থকরা গতকাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশনের শেষ দিনে নাম নথিভুক্ত করাতে গেলে বামপন্ধী গোষ্ঠীর দলবল হোস্টেলে ঢুকে তাদের বেধড়ক পেটায়। এই হামলা তারাই চালিয়েছে, যারা চায় না ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফিরুক।































