[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সবেমাত্র প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ দিয়ে বার্সেলোনায় ফরাসি বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড আতোঁয়ান গ্রিজমানের অভিষেক হয়েছে। দুঃসংবাদ এল এর পরেই । লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস জানিয়েছেন বার্সেলোনার পরিশোধ করা রিলিজ ক্লজের অর্থের পরিমাণ নিয়ে তৈরি হওয়া বিতর্কের কারণে তার বার্সেলোনায় যোগ দেওয়া আটকে যেতে পারে। এটা সত্য হলে গ্রিজমান মহা মুশকিলে পড়বেন।
চলতি বিতর্ক নিয়ে তেবাস বলেছেন, ‘একটা অভিযোগপত্র জমা দিয়েছে আতলেতিকো। যার দ্বারা ট্রান্সফার আটকে দেওয়া সম্ভব একজন খেলোয়াড়ের। এই মুহূর্তে বার্সেলোনাকে আমরা গ্রিজমানের লাইসেন্স দেব কিনা সেটা নিয়ে ভাবছি। একটা প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং যারা এটা দেখছে সমাধান করতে হবে তাদের বিষয়টা। লা লিগাকে সিদ্ধান্ত নিতে হবে যে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়।’
উল্লেখ্য, গত ১২ জুলাই রিলিজ ক্লজের ১২ কোটি ইউরো পরিশোধ করে ২৮ বছর বয়সী গ্রিজমানকে আতলেতিকো মাদ্রিদ থেকে বার্সেলোনা দলে টানার ঘোষণা দেয় । এরপরই আতলেতিকো অভিযোগ তোলে। গত ১ জুলাই গ্রিজমানের রিলিজ ক্লজ ২০ কোটি ইউরো থেকে কমে ১২ কোটি ইউরো হয়। কিন্তু রিলিজ ক্লজ হিসেবে ১২ কোটি ইউরো অপর্যাপ্ত বলে মাদ্রিদের ক্লাবটি দাবি করে। এর আগে ২০১৭ সালে গ্রিজমানের সঙ্গে বার্সেলোনার বেআইনিভাবে যোগাযোগের অভিযোগে আতলেতিকো ফিফায় রিপোর্ট করেছিল।































