[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১’ পাচ্ছেন ১৫ জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলা-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন।
রবিবার (২৩ জানুয়ারি) পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে রবিবার ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১’ ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রাপ্তরা হলেন- আসাদ মান্নান, বিমল গুহ (কবিতা), ঝর্না রহমান, বিশ্বজিৎ চৌধুরী (কথাসাহিত্য), হোসেনউদ্দীন হোসেন (প্রবন্ধ/গবেষণা), আমিনুর রহমান, রফিক-উম-মুনীর চৌধুরী (অনুবাদ), সাধনা আহমেদ (নাটক), রফিকুর রশীদ (শিশুসাহিত্য), পান্না কায়সার (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা), হারুন-অর-রশিদ (বঙ্গবন্ধু-বিষয়ক গবেষণা), শুভাগত চৌধুরী (বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান), সুফিয়া খাতুন, হায়দার আকবর খান রনো (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি) ও আমিনুর রহমান সুলতান (ফোকলোর)।


























