[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন । বঙ্গবন্ধুর কাছে সকল মানুষ ছিল সমান । রাজনৈতিক স্বাধীনতার সাথে সাথে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নই ছিল তাঁর মূল লক্ষ্য । মানুষের ক্ষুধা, দারিদ্র্য-সহ সকল প্রকার বৈষম্য দূর করতে তিনি সারাজীবন পরিশ্রম করেছেন । বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে বাঙালি জাতিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে হবে । জাতির পিতার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানি শাসক গোষ্ঠীর বাঙালিদের প্রতি শোষণ ও বঞ্চনার বিষয়টি উপলব্ধি করলে তাদের বিরুদ্ধে আপোসহীন সংগ্রাম শুরু করেন । যার সফল পরিণতিতে আমরা পাই একটি স্বাধীন সার্বভৌম দেশ ।
মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যা করে ঘাতকচক্র তাঁর আদর্শকে মুছে ফেলতে চেয়েছিলো, কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, কিন্তু ঘৃণ্য এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের বিচার হয়নি। মূল পরিকল্পনাকারীদের বিচার করে জাতিকে পরিপূর্ণরূপে কলঙ্কমুক্ত করতে হবে ।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এর সভাপতি লায়ন গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহম্মদ শফিকুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম শামসুন্নাহার ভুঁইয়া, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী ।
তথ্যসূত্র: পিআইডি


























