[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়ি উড়ে এসে পড়ল নিচের রাস্তায়। এ সময় ঘটনাস্থলেই এক পথচারী প্রাণ হারালেন। আরো ছয়জন আহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদ প্রদেশে। ওই দুর্ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ বলছে, শনিবার এক ফ্লাইওভারে ওই দুর্ঘটনা ঘটে হায়দরাবাদের বায়ো ডাইভার্সিটি জাংশনের কাছে। ফ্লাইওভারের নিচে স্বাভাবিকভাবে মানুষজন চলাফেরা করছিলেন। ঘুণাক্ষরেও তারা টের পাননি ওপর থেকেই নেমে আসছে মৃত্যুদূত।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, আচমকাই ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর আঁছড়ে পড়ল একটি লাল রঙের গাড়ি। একটি গাছের বড়সড় ডাল ভেঙে নিয়ে সেটি পড়ল নিচে। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল কয়েকটি অটো। গাড়ির ধাক্কায় উড়ে এল কয়েকটি সাইনবোর্ডও। বিকট শব্দ পেয়ে দৌড় শুরু করলেন পথচারীরা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সর্বশেষ খবর অনুযায়ী ওই ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরো ছয়জন। অন্য একটি ভিডিওতে দেখা যায়, গাড়িটি এসে পড়েছে অটোগুলো যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক সেখানেই। তবে আশ্চর্যের বিষয় হলো আছড়ে পড়া গাড়ির চালক প্রাণে বেঁচে গেছেন। ফ্লাইওভারের নিচে নিশানের গাড়ির একটি শোরুম ছিল। সেখানকার কয়েকটি নতুন গাড়ি বাইরে রাখা ছিল। দুর্ঘটনায় ওই গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সঙ্গে সঙ্গে বহু মানুষ জড়ো হন সেখানে। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় ফ্লাইওভার। এর আগে ১০ নভেম্বর আরো একটি দুর্ঘটনা ঘটে ওই ফ্লাইওভারে।































